তুষার ভট্টাচাৰ্য
-------------------------------------------------------
অফিসে ঢুকেই তনুশ্যাম বসু দেখতে পেলেন গেটের দেওয়ালে পোস্টার লেখা রয়েছে - ' ঘুষখোর, চোর ম্যানেজিং ডিরেক্টর তনুশ্যাম বসুর শাস্তি চাই l'
এইসব গা- সওয়া হয়ে গিয়েছে তনুশ্যাম বাবুর l এই দেশে কে সৎ আছে? মন্ত্রী থেকে সান্ত্রী সবাই সুযোগ পেলে ঘুষ খায়, চুরি করে l
চেম্বারে ঢুকে তনুশ্যামবাবু বেল টিপলেন l পিওন রামসরণ এসে বলল - সাব কিছু বলবেন l
হ্যাঁ - গণপতি বাবুকে ডেকে দাও l
গণপতি দাস চেম্বারে ঢুকে বললেন - স্যার আমাকে ডেকেছেন l
হ্যাঁ, জানেনই তো আমার অবসরের আর এক বছর রয়েছে l তাই এবারে অফিস পিকনিকে আমি আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাবো l পিকনিকের সব খরচ কিন্তু আমার l
পিকনিক আগামী রোববারেই হবে l রোববার সকাল আটটার মধ্যে সবাই যেন অফিসে চলে আসে l একটা বাস থাকবে l আমিও যাবো l আপনি অফিসের সবাইকে একটু বলে দেবেন l
রোববার দুপুরে প্রায় একশো কিমি দূরে গিয়ে বাসটা থামলো l
তনুশ্যাম বসু বাস থেকে সবাইকে নিয়ে নেমে একটা ইস্কুল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন l
তারপর স্মিত হেসে বললেন - এই যে আপনারা সবাই দেখুন, আমি ঘুষ, চুরির টাকায় তৈরি করেছি - আগমনী স্মৃতি অনাথ স্কুল l এখানে একশোজন অনাথ ছেলেমেয়েকে লেখাপড়া শেখানো, খাওয়া পরা, থাকা সব কিছুরই দায়িত্ব নিয়েছি আমি l
জানেনই তো বিয়ে থা করিনি l পুরো বেতনের টাকাটাই এই ইস্কুলের জন্য খরচ করি l
আপনারা হয়তো জানেন না আমি অনাথ আশ্রমে থেকে মানুষ হয়েছি l বাবা মারা যাবার মা খুব অভাবের জন্য একদম ছোট্ট বয়েসে আমাকে অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিল l আমার মায়ের নামেই এই ইস্কুল তৈরি করেছি l কারও কাছে এক পয়সা ঘুষ, কাটমানি খাইনি l অনাথ আশ্রম তৈরি করবো বলে সবার কাছে ভিক্ষা চেয়েছি l
বিশ্বাস করুন '-আমি চোর নই l'
এই সব কথা বলে তনুশ্যাম বাবুর দু'চোখ দিয়ে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল l
এম ডি তনুশ্যাম বসুর মুখে এইসব কথা শুনে অফিসের সবার চোখেই শ্রদ্ধা ঝরে পড়ল সহসাl
গাছ গাছালিতে ভরা ইস্কুল চত্বর ঘুরে সবাই দেখতে পেল - যাঁরা আর্থিক সাহায্য করেছেন সবারই নাম এবং টাকার পরিমাণ শ্বেতপাথরে খোদাই করা রয়েছে l
ইস্কুলের মাঠে কচি কাঁচা ছাত্র ছাত্রীরা শীতের মিষ্টি রোদ্দুরে ভিজে খেলাধুলো করছে প্রাণের আনন্দে l তাদের কলকাকলিতে মুখরিত হচ্ছে চারপাশ l
No comments:
Post a Comment